অসহায় শিশু ফাতেমার চিকিৎসায় ৩০ হাজার টাকা দিল দেওডোবা ঐক্য ফান্ড
- আপডেট সময় : ০৯:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের চিকিৎসায় ৩০ হাজার টাকা অনুদান দিয়েছে সামাজিক সংগঠন দেওডোবা ঐক্য ফান্ড।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামে ফাতেমার মা ফেন্সি বেগমের হাতে এ অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা।
এ সময় হাসানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মরহুম আবু হাসান সরকারের নাতি এম জি রব্বানী সরকার, তন্ময় মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী মিয়া, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এমপিও দেলোয়ার হোসাইন সাঈদী, এম জে আই মিলন সরকার, সংগঠনের সদস্য মো. মাইদুল ইসলাম, মো. সোবহান মিয়া, মো. সাগর সরকার, মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাতেমা উপজেলার দেওডোবা গ্রামের আবুল কালাম ও ফেন্সি বেগম দম্পতির মেজো সন্তান। জন্মের পর থেকেই সে হাইড্রোসেফালাসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছে। ঠিকমতো কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না। দিনের বেশির ভাগ সময় বিছানায় কাটে তার।
ফাতেমার বাবা আবুল কালাম ঢাকায় শ্রমিকের কাজ করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন।
ফাতেমার পরিবারের পক্ষ থেকে সহযোগিতার জন্য দেওডোবা ঐক্য ফান্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে শিশুটির উন্নত চিকিৎসায় সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা। ফাতেমার পরিবারের সঙ্গে যোগাযোগ: ০১৭৯৪৮৮৩৭৩২।


















