ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকীর মোড়ক উন্মোচন
- আপডেট সময় : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি, কৃতী মানুষ ও জনপদের পরিচয় সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রকাশিত ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ নামের একটি সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক অনাড়ম্বর আয়োজনে সাময়িকীটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়জ উন্মোচন করেন ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ এর সম্পাদক ও বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম. শরিফুল ইসলাম।
‘ইতিহাস, ঐতিহ্য, মানুষ, জনপদ’ এই স্লোগানকে সামনে রেখে প্রকাশিত সাময়িকীটির মূল লক্ষ্য সুন্দরগঞ্জের অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধ তৈরি করা। এর মাধ্যমে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, প্রকৃতি, কৃতী ব্যক্তি ও জনপদের সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি হারিয়ে যেতে বসা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাময়িকীটির সম্পাদকীয়তে এম. শরিফুল ইসলাম উল্লেখ করেন, একটি জনপদের স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের জীবনসংগ্রামের মধ্য দিয়ে। সময়ের পরিবর্তনে প্রবীণদের স্মৃতিতে থাকা নানা ঘটনা, পুরোনো স্থাপনা, ঐতিহাসিক স্থান ও লোকজ সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যথাযথভাবে এসব সংরক্ষণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের শেকড় ও জনপদের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হারাবে।
সম্পাদকীয়তে আরও বলা হয়, প্রকৃত উন্নয়ন কেবল রাস্তাঘাট, সেতু কিংবা অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ ও মানুষের জীবনমানের উন্নয়নও এর গুরুত্বপূর্ণ অংশ। সুন্দরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের এই উদ্যোগ ভবিষ্যতে গবেষণা, তথ্যসংগ্রহ ও নতুন প্রজন্মের অংশগ্রহণে আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির প্রকাশনায় সাময়িকীটিকে সুন্দরগঞ্জের ইতিহাস ও পরিচয় সংরক্ষণের একটি প্রাথমিক প্রয়াস হিসেবে উল্লেখ করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এটি একসময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার দুলাল, প্রভাষক খন্দকার আশরাফুল আলম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাময়িকীর প্রধান প্রতিবেদক সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি সাইফুল আকন্দ, সাংবাদিক হারুন অর রশিদ রাজু, সমাজসেবক জোবায়দুর রহমান প্রমুখ।













