বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৩:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মো. আবু সায়ীদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সায়ীদ ওই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, সকালে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে আবু সায়ীদ বাড়ির সংলগ্ন প্রতিবেশী নূর হোসেন বেপারীর পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খুঁজতে শুরু করেন। এরই একপর্যায়ে স্বজনরা পুকুরের পানিতে আবু সায়ীদকে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করেন।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আবু সায়ীদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এটি একটি দুঃখজনক ঘটনা।’



















