সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল
- আপডেট সময় : ১০:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে স্থানীয় ছাত্র-জনতা ও মাদকবিরোধী আন্দোলনের কর্মী-সমর্থকেরা অংশ নেন। হাতে জ্বলন্ত মশাল নিয়ে তারা হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মিছিল বের করেন। পরে হাসানগঞ্জ বাজার, খুজিয়ারমোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মাদক ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘ইয়াবা ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘মাদক ব্যবসা চলবে না’ এবং ‘ইয়াবার আস্তানা, বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
আন্দোলনকারীরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, হাসানগঞ্জকে মাদকমুক্ত রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নিয়মিত সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
মশাল মিছিল থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার ও ধারাবাহিক করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
















