জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, শ্রমিক দল ও কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে জিরোপয়েন্টে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান বাবু।
এ সময় পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙালি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজান করিব লেলিন, তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক আবেদ আলী, শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

















