জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ
- আপডেট সময় : ০৮:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পত্তাশী জনকল্যাণ মডেল হাইস্কুল মাঠে পিরোজপুর জেলা জাসাস, জিয়ানগর উপজেলা জাসাস ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।
সাবেক জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শরীফ মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পত্তাশী ইউনিয়নে ঐতিহাসিক খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। পরবর্তীতে ২০০২ সালে বেগম খালেদা জিয়ার সরকার জিয়ানগরকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এ অঞ্চলের উন্নয়নে বিএনপি কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দলটি কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, পিরোজপুর জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মহাজ, জেলা জাসাস নেতা মাহাবুব হোসেন এবং পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ সিকদার।
কর্মসূচিতে জেলা বিএনপি, জাসাস ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

















