গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেফতার ২
- আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। তবে অভিযানের সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১১টা ১০ মিনিটের দিকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতাররা হলেন সাদুল্লাপুর উপজেলার ধারাই গ্রামের মো. আশরাফুল ইসলাম (৩৬) ও যশোর জেলার কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মো. কামাল হোসেন সুমন (২৭)।
র্যাব সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কামারজানি বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে দুটি প্যাকেটে মোট ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের সহযোগী মো. মনোয়ারুল ইসলাম (৩৫) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে গ্রেফতার দুই ব্যক্তি ও জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’

















