অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
খুটামারা রহমানীয়া উচ্চ বিদ্যালয়ে ‘মনগড়া’ কমিটি গঠনের অভিযোগ
- আপডেট সময় : ০৯:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা রহমানীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতি ও মনগড়া ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় চৌপতি বাজারে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোসফেকুর রহমান মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন খুটামারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক রায়হান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রেজাউল করিম এবং উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক লাবলুর রহমান। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মোছা. পেয়ারা আক্তার, মিলি বেগম ও নুর বানু বেগমসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক সাধারণ অভিভাবক ও স্থানীয়দের মতামত উপেক্ষা করে বহিরাগত ব্যক্তিদের নিয়ে মনগড়াভাবে ম্যানেজিং কমিটি গঠন করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলেন তারা।
বক্তারা আরও বলেন, এসব অনিয়মের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে কথিত কমিটি বাতিল এবং স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবি জানান।
মানববন্ধনে শতাধিক অভিভাবক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। এ সময় তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান।

















