শিক্ষককে বরখাস্ত
হাতিয়ায় শৃঙ্খলাভঙ্গ সহ নানা অভিযোগ
- আপডেট সময় : ০৯:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়া উপজেলার ম্যাকপার্শ্বন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন অর রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গ, অনিয়ম, নৈতিকতাবহির্ভূত আচরণ, শিক্ষক হাজিরা খাতা ছিঁড়ে ফেলা, সহকর্মীদের হুমকি প্রদানসহ একাধিক গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নোয়াখালী সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী গত ১৮ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে মামুন অর রশিদকে ‘চাকুরি হইতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, মামুন অর রশিদের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের সঙ্গে বিরোধে জড়ানো, বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি, নৈতিকতাবহীন আচরণের ছবি মুঠোফোনে সংরক্ষণ, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকা, শিক্ষক হাজিরা খাতা ছিঁড়ে ফেলা, সহকর্মীদের হুমকি দেওয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে ফোন করার মতো অভিযোগ ওঠে।
অভিযোগের বিষয়টি তদন্তে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। প্রথম দফায় গত ১৬ জুন এবং দ্বিতীয় দফায় ২৪ জুন তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে গত ৩০ জুলাই একটি আদেশ জারি করা হয়। ওই আদেশ অনুযায়ী ৩ আগস্ট ব্যক্তিগত শুনানিতে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি সেখানে উপস্থিত হননি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনা অসদাচরণ ও অনিয়মের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।





















