সুন্দরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির আলোচনা ও দোয়া
- আপডেট সময় : ০৪:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান লিপু, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং বিএনপির রাজনীতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়েছে।’
তারা আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।



















