রবীন্দ্র-নজরুলের দেশে মাদক প্রশ্রয় পেতে পারে না: গাইবান্ধা জেলা প্রশাসক
- আপডেট সময় : ০৫:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

‘রবীন্দ্র-নজরুলের দেশে মাদক প্রশ্রয় পেতে পারে না’ মন্তব্য করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি বলেন, মাদক সামাজিক অপরাধের পাশাপাশি শিক্ষার্থী, তরুণ ও আগামী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার আয়োজনে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধবিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাইবান্ধা জেলা প্রশাসক বলেন, ‘যে দেশের মাটিতে কবি নজরুল ইসলাম শুয়ে আছেন, যে দেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, সেই দেশে মাদক প্রশ্রয় পেতে পারে না।’
তিনি আরও বলেন, ‘গাইবান্ধায় অনেক আলোকিত মানুষের বসবাস। র্যাবের ডিজি মহোদয়ের বাড়িও গাইবান্ধায়। এই আলোকিত জায়গায় মাদকের আখড়া থাকতে পারে না, মাদক প্রশ্রয় পেতে পারে না। এই গাইবান্ধা থেকেই মাদক নির্মূলের অভিযান শুরু হবে।’
জেলা প্রশাসক গাইবান্ধা সরকারি কলেজসহ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদকমুক্ত রাখতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থী ও তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।
র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহা. রেজাউল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
এ সময় আরও বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনসহ সংশ্লিষ্টরা।





















