ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি, নিখোঁজ ১
- আপডেট সময় : ০৫:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদ পারাপারের সময় নৌকা ডুবে মোজাম্মেল হক তারা মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকার ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মোজাম্মেল হক তারা মিয়া গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের তালুক রিফায়েতপুর গ্রামের বাসিন্দা।
তিনি একসময় পরিবার-পরিজন নিয়ে ফুলছড়ির চর কাতলামারী এলাকায় বসবাস করতেন। নদীভাঙনের কারণে সেখান থেকে বাদিয়াখালীর তালুক রিফায়েতপুর গ্রামে চলে আসেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মোজাম্মেল হক তারা মিয়া পরিবারের আরও চার সদস্যকে নিয়ে পুরোনো বসতভিটা চর কাতলামারীতে যাওয়ার জন্য একটি ছোট নৌকা ভাড়া করেন। নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝামাঝি পৌঁছালে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকার মাঝিসহ পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোজাম্মেল হক তারা মিয়া নিখোঁজ হন।
খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে দুপুরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করে।
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খুশু বলেন, ‘নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউ রয়েছে। এমন পরিস্থিতিতে ছোট নৌকায় নদী পারাপার করা ঠিক হয়নি। এছাড়া স্রোতের তীব্রতা ও নদীর গভীরতার কারণে ডুবুরি দলের উদ্ধারকাজেও কিছুটা সমস্যা হচ্ছে।’
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,’ আরও একটু সতর্ক হলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হতো। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চলমান রয়েছে।’





















