নাইক্ষ্যংছড়িতে বন্যার্তদের সহায়তায় উপজেলা প্রশাসন
- আপডেট সময় : ১২:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান।
পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বন্যার কারণে তাদের ক্ষয়ক্ষতি ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজ নেন। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাসান বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, “ঘুমধুমে ত্রাণ বিতরণের পর আগামীকাল সদর ইউনিয়ন ও বাইশারী ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারের মাঝেও শুকনো খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সহায়তার ব্যবস্থাও নেওয়া হবে।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, টানা বৃষ্টিতে অনেক এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিকভাবে কিছুটা স্বস্তি পেয়েছে।





















