ট্রান্সফরমার থেকে তামা চুরির সময় যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিলো জনতা
- আপডেট সময় : ০৪:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামা চুরি করার সময় মনির হোসেন মণ্ডল (২২) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে। পরে গণপিটুনির পর স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়। এঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন।
বুধবার (১ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা জোলারঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত মনির হোসেন মণ্ডল রংপুর জেলার পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের পাঠকশিখর গ্রামের ছক্কু মণ্ডলের ছেলে।
জানা যায়, গভীর রাতে চার চোরের একটি দল বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা জোলারঘাট এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো দুটি ট্রান্সফর্মারের ভেতর থেকে তামা সরানোর চেষ্টা করছিল। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে চোরের দলটি পালানোর চেষ্টা করে। ধাওয়া করে মনির হোসেনকে আটক করা হলেও বাকি তিনজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে সুন্দরগঞ্জ থানায় সোপর্দ করে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সুন্দরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন, ‘স্থানীয়রা চোর চক্রের ওই সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় আমাদের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামা চুরির ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। আটক মনির হোসেন মণ্ডল নামের ওই যুবককে গ্রেফতার দেখানো হয়েছে। পলাতক অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর আছে।’




















