গাইবান্ধায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
- আপডেট সময় : ১০:৪০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্যাপেন্টাডল জাতীয় মাদক সেবন করে পরিবার ও এলাকায় অশান্তি সৃষ্টির দায়ে সাগর আকন্দ (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জুন) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত সাগর আকন্দ গোবিন্দগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা-কেশবপুর গ্রামের রেজাউল করিম আকন্দের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল জাতীয় মাদক সেবনের কারণে সাগর আকন্দ পরিবারে অশান্তি সৃষ্টি, স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার মাগুরা-কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সাগর আকন্দকে আটক করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান বলেন, ‘ট্যাপেন্টাডল জাতীয় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’






















