সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১১:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে তসলিমা আক্তার মিম (৯) ও রবিউল ইসলাম রফি (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তসলিমা আক্তার মিম পশ্চিম ছাপড়হাটী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রবিউল ইসলাম রাফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশু দুটি একই গ্রামের জাহিদুল ইসলামের পুকুরে স্নান করতে গিয়েছিল। এক পর্যায়ে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুকুর থেকে তুলে আনলেও ততক্ষণে তারা মারা যায়।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তার ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’




















