গাইবান্ধায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল খালেক (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৪ জুন) সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আব্দুল খালেক ফুলছড়ি উপজেলার বাউশ গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানার একটি টিম উপজেলার উল্লা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন তথ্যে জানা যায়, উল্লা বাজার সংলগ্ন বিপুলের ফার্নিচার দোকানের সামনে পাকা সড়কে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে আব্দুল খালেককে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি এবং সঙ্গে থাকা একটি কালো রঙের ল্যাপটপ ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’
























