গাইবান্ধায় পতাকা টানাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক
- আপডেট সময় : ১০:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে ফিফা বিশ্বকাপের উন্মাদনায় পতাকা টানাতে গিয়ে গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন শামীম (৩০) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পৌর শহরের বৈরী হরিনমারী গ্রামে ওই যুবক গাছেই জ্ঞান হারান। নিজের পছন্দের ফুটবল দল পর্তুগালের পতাকা টানাতে কদম গাছে উঠেছিলেন তিনি। জ্ঞান হারানো যুবক শামীম ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজের পছন্দের দল পর্তুগালের পতাকা টানানোর জন্য একটি বড় কদম গাছে ওঠেন শামীম। গাছে উঠে হঠাৎ সেখানেই জ্ঞান হারান এবং ভারসাম্য হারিয়ে গাছের ওপর হেলে পড়ে ডালের সঙ্গে আটকে যান। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের খবরে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের দ্রুত ও কৌশলী পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা।
পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) মো. লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গাছে পতাকা টানাতে উঠে অজ্ঞান হওয়া যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গাছে ওঠার পর তার মাথা ঘুরে এমন ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।’
তিনি আরও বলেন, ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা দেশেই পতাকা টানানোর প্রতিযোগিতা বেড়েছে। সমর্থকরা উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ভবনের ছাদে উঠে পতাকা লাগাতে গিয়ে বিভিন্ন ধরনের ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। ফলে পতাকা টানানোর বিষয়ে সব বয়সী সমর্থক, বিশেষ করে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
























