গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার
- আপডেট সময় : ০৪:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় আতিকুর রহমান আতাব (৫০) নামের এক ভাতিজাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
শুক্রবার (১২ জুন) দুপুরে র্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আতিকুর রহমান আতাব উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
র্যাব-১৩ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী। তিনি তার পরিবারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। গত ১৬ মে বিকেলে বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে ভাতিজা আতিকুর রহমান আতাব তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।
এ সময় ঘটনাটি প্রত্যক্ষ করে পরিবারের এক শিশু চিৎকার দিলে অভিযুক্ত তাকে ধমক দিয়ে গলা চেপে ধরার চেষ্টা করে বলেও এজাহারে উল্লেখ রয়েছে। পরে চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে তাকে বাড়িতে আটক করে রাখা হলেও তার সহযোগীরা এসে ভাঙচুর ও মারধর করে তাকে ছাড়িয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এরপর র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মিরাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত আতিকুর রহমান আতাবকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩-এর মিডিয়া কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারের পর আতিকুর রহমানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ যেকোনো ধরনের গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
























