ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় গাইবান্ধায় সচেতনতা কর্মসূচি
- আপডেট সময় : ০১:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সচেতনতামূলক পরিবেশের সৃষ্টি হয়।
কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এবং গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটু।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, পুলিশ সদস্য, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন জনসচেতনতা ও জনসম্পৃক্ততা। প্রত্যেকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে তিন দিনের বেশি জমে থাকা পরিষ্কার পানি ফেলে দেওয়া, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও বিভিন্ন পাত্র নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান তারা।
সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান বলেন, ‘ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে। সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।’



















