গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল।
এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে খড়ের পাতা উঠিয়ে আনতে মা-ছেলে বাড়ির বাইরে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে দু’জনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে কল্পনা রাণী ও সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়।
মান্দুরা গ্রামের ইউপি সদস্য সাহিন আলম বলেন, বজ্রপাতের পরপরই তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন (মন্ডল) বলেন, সন্ধ্যার দিকে ঝড়ো বৃষ্টির সময় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে।

























