প্রধানমন্ত্রীর অনুদানের টাকা নয়-ছয়ের অভিযোগ তুললেন বিএনপি নেতা
- আপডেট সময় : ১২:৪৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ১০ লক্ষ টাকা বিতরণে নয়ছয়ের অভিযোগ তুলেছেন খোদ দলটির একজন শীর্ষ নেতা। কাকে দেওয়া হয়েছে কে পেল এই টাকা তার তালিকা প্রকাশের দাবিও জানান তিনি।
লালমনিরহাট-২(আদিতমারী-কালিগঞ্জ) আসনের এমপি ও জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুলের বিভিন্ন কাজের সমালোনা করেছেন আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক। তিনি বলেন,প্রধানমন্ত্রী যে ১০ লক্ষ টাকা সংসদ সদস্যদের দিয়েছেন, তা বিতরণ করা হবে অসচ্ছল, ত্যাগী ও বঞ্চিত নেতাদের মাঝে কিন্তু তিনি তা করেননি।
শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আয়োজনে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভাটি এমপি বাবুলের সমালোচনা অনুষ্ঠানে পরিণত হয়।
উপজেলা বিএনপির শীর্ষ নেতা সালেকের একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বক্তব্য দেখা যায়,উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব নেতাকর্মী উপস্থিত আছেন।
সালেকুজ্জামান এমপিকে উদ্যেশ্য করে বলেন,প্রধানমন্ত্রীর ১০ লক্ষ টাকা কিভাবে বিতরণ করেছেন। আন্দোলন সংগ্রাম কি তারাই করেছে। কোন শ্রেণী নেতাকর্মী এ টাকা পেল। আমরা আন্দোলন সংগ্রাম করেছি আর আপনি কাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন? ।
উপজেলার ৮ টি ইউনিয়নে আমরা নির্বাচন পরিচালনা করেছি। আমাদের মধ্যে কোনো আলোচনা হলো না।এরপর থেকে এরকম সীদ্ধান্ত আমরা মানব না।দলীয় সিদ্ধান্ত দলের মধ্যে নিতে হবে।পার্টির মধ্যে চেইন অব কমান্ড নাই।চেইন অব কমান্ড ভন্ডুল করতে দেয়া হবে না। আপনি দলের চেইন অব কমান্ড না মেনে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত নয় তাদেরকেই আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, এটা মেনে নেওয়া হবে না। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুদানের টাকা বিএনপির অসহায় নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মী ও বঞ্চিত নেতাকর্মীরা পাবে, আপনি যা করছেন প্রয়োজনে সে বিষয়টি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছেও যাব।
এ বিষয়ে লালমনিরহাট-২(আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের যোগাযোগ করা হলে তিনি বলেন, সাক্ষাতে আসলেই সব কথা হবে।

























