ট্রাকচাপায় প্রাণ গেলো অবসরপ্রাপ্ত জজের
- আপডেট সময় : ১০:২৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় এম এ আউয়াল সরকার (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত জজ নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এম এ আউয়াল সরকার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত জজ ছিলেন এবং বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা জজ কোর্টে আইন পেশার কাজ শেষে সহকারী আশাদুল ইসলামসহ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন এম এ আউয়াল সরকার। পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশনের ১০০ গজ উত্তরে আল হিকমা দাখিল মাদরাসার সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত অবসরপ্রাপ্ত জজের সহকারী ও মোটরসাইকেল চালক আশাদুল ইসলাম বলেন, ‘আমরা দুজন গাইবান্ধা থেকে মোটরসাইকেলে আসতেছিলাম। তেলের পাম্প পাড় হওয়ার পর হঠাৎ করে পিছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে উনি মারা যান।’
তিনি আরও বলেন, ‘ট্রাকটি থামিয়ে যখন দেখে মারা গেছে, তখন তারা দ্রুত পালিয়ে যায়। পরিবারের লোকজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করি। না পেয়ে লাশ রাস্তায় রেখেই আমি তার বাড়িতে গিয়ে মৃত্যুর খবর দেই।’
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এছাড়া ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।’



















