বাইপ্রমাসের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন হোপ এগ্রোর নজরুল ইসলাম
- আপডেট সময় : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম। তিনি মোট ১১১২ ভোট পেয়ে এ পদে জয়ী হন।
শনিবার (৯ মে) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মো. নজরুল ইসলাম ফিরোজ হায়দার খান সমর্থিত শাহজাহান-মমিন পরিষদ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা যায়, প্রিজাইডিং অফিসার শরীফ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হক ও মো. আকরাম হোসেন।
এছাড়া নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান। বোর্ডের সদস্য হিসেবে ছিলেন উপসচিব প্রভাংশু সোম মহান এবং সহকারী বাণিজ্য পরামর্শক মো. সিরাজুল ইসলাম।
মো. নজরুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সংগঠক। তিনি বান্না ব্রিকস ম্যানুফ্যাকচারার (বি.বি.এম)-এর প্রোপাইটর, নজরুল ব্রিকস ম্যানুফ্যাকচারারের প্রোপাইটর, হোপ এগ্রো ব্রিকস এবং হোপ এগ্রো অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া গাইবান্ধা জেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি, সুন্দরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি, মেজর অটো রাইস ও হাসকিং মিল মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন। তিনি সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। তারা আশা প্রকাশ করেন, মো. নজরুল ইসলাম দায়িত্ব পালনের মাধ্যমে ইট শিল্পের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রতিক্রিয়ায় মো. নজরুল ইসলাম বলেন, ‘আমার প্রতি আস্থা ও ভালোবাসা রেখে যারা আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সবসময় ইট শিল্পের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবো।’
তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে তিনি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কাজ করবেন।




















