কমলনগরে বজ্রপাতে নববধূর মৃত্যু
- আপডেট সময় : ০৮:০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বজ্রপাতে লিমা আক্তার (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। মাত্র দুই মাস আগে তার বিয়ে সম্পন্ন হয়েছিল।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার ৭ নম্বর হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাত ধরুন এলাকার আব্দুল হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লিমা ওই এলাকার ইউসুফ আলী খোকনের বড় মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে লিমা বাড়ির পাশের একটি বিলের ধারে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ফজুমিয়ার হাট পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, মাত্র দুই মাস আগে পারিবারিকভাবে লিমার বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন এবং শিগগিরই স্বামীর বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু বজ্রপাতে তার স্বপ্ন থেমে যায়।
স্থানীয় পল্লী চিকিৎসক রিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

























