লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত
- আপডেট সময় : ০৭:১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার মুগলিবাড়ী সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এতে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)–এর অধীন বুড়িমারী বিওপি এলাকার মুগলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস-এর প্রায় ১০ গজ ভেতরে ড্রোনটি পড়ে যায়।
অভিযোগ রয়েছে, ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোনটি দিয়ে সীমান্ত এলাকায় ভিডিও ধারণ করছিল। একপর্যায়ে ড্রোনটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। পরে এটি একজন বাংলাদেশি কৃষকের কাছ দিয়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে একটি ভুট্টাক্ষেতে আছড়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় পক্ষ প্রায়ই এ ধরনের ড্রোন বাংলাদেশের ভেতরে প্রবেশ করায় নজরদারি চালায়, যা নিয়ে এলাকায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এর আগেও পাটগ্রামের ধবলসুতী সীমান্তে একই ধরনের ঘটনা ঘটেছে বলে তারা জানান।
এদিকে বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

























