প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর জুনে
- আপডেট সময় : ০৬:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে একটি বন্ধু রাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে এখনো নির্দিষ্ট কোনো দেশ চূড়ান্ত হয়নি। সম্ভাব্য সফরসূচিতে চীন ও ভারত রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে) বেইজিং-এর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কোন দেশে সফর হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সফর নির্ধারণের ক্ষেত্রে উভয় দেশের সুবিধা, সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রী বা শীর্ষ নেতৃত্বের উপস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি বলেন, চীন সফর হলে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তিস্তা অঞ্চলের মানুষের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
সরকার আশা করছে, সম্ভাব্য এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।























