গ্রামে প্রকৃতপক্ষে কোনো লোডশেডিং নেই : বিদ্যুৎমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

দেশের গ্রামাঞ্চলে বর্তমানে বাস্তবিক অর্থে কোনো লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনগুলো অত্যন্ত দীর্ঘ হওয়ায় কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি বা ‘ফল্ট’ দেখা দিলে তা শনাক্ত করতে কিছুটা সময় লাগে। এই কারিগরি কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও লাইন মেরামতের পর দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তাই এটিকে প্রচলিত অর্থে লোডশেডিং বলা যায় না।
তিনি আরও বলেন, সম্প্রতি দেশের কিছু এলাকায় যে বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে, তার পেছনে জ্বালানি তেলের কোনো সংকট ছিল না। বরং যান্ত্রিক গোলযোগের কারণেই এসব সাময়িক সমস্যা হয়েছে।
বিদ্যুৎমন্ত্রী জোর দিয়ে বলেন, তেলের অভাবে লোডশেডিং হচ্ছে—এ ধরনের তথ্য সঠিক নয়।
তিনি আরও জানান, সম্প্রতি জ্বালানি তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য তিনি মাঠ প্রশাসনকে ধন্যবাদ জানান।
ডিসি সম্মেলনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে, যাতে তারা স্থানীয় পর্যায়ে সঠিক তথ্য প্রচার করতে পারেন।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর প্রাথমিক ধাপে আগামী তিন মাসের মধ্যে দেশের সব জেলা প্রশাসক কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির এই উদ্যোগ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ। জেলা প্রশাসকেরাও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সম্মেলন শেষে মন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে, যাতে জনগণের ভোগান্তি কমে আসে।























