অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার
- আপডেট সময় : ১১:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও বীর মুক্তিযোদ্ধা কবি আল-মুজাহিদীকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৩ মে) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে কবির শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও অবহিত হন।
এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সাহিত্য-সংস্কৃতি কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাফাজ্জল হোসাইন খান, শরীফ বায়জীদ মাহমুদ, ড. মনোয়ারুল ইসলাম, আবেদুর রহমান, মাহবুব মুকুল ও মনিরুল ইসলামসহ আরও অনেকে।
মিয়া গোলাম পরওয়ার কবি আল-মুজাহিদীর দ্রুত সুস্থতা, নেক হায়াত ও আশু আরোগ্য কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তিনি বলেন, দেশের সাহিত্য অঙ্গনে কবি আল-মুজাহিদীর অবদান অনস্বীকার্য।
তিনি কবির পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ধারণ ও আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানান। পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে তিনি কবির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে কবির চিকিৎসায় সরকারের আরও সক্রিয় ভূমিকা এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

























