নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০২:০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জেলা কারাগার সংলগ্ন সস্তাপুর এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের চায়ের দোকান, একটি মোটরসাইকেলের দোকানসহ একাধিক গুদামে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আরও দুটি ইউনিট রওনা দিলেও চারটি ইউনিটের চেষ্টাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


















