কুয়েতে প্রবাসীদের ভিসা পরিবর্তনের সুযোগ, ১ মে থেকে কার্যকর
- আপডেট সময় : ১২:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

কুয়েতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সুযোগের ঘোষণা দিয়েছে দেশটির জনশক্তি বিভাগ। নির্দিষ্ট কয়েকটি খাতে কর্মরত প্রবাসীরা এখন থেকে শর্তসাপেক্ষে ভিসা পরিবর্তন বা অন্য খাতে কাজ করার সুযোগ পাবেন।
কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে জানায়, এই বিশেষ সুযোগ আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শ্রমিক বিদেশ থেকে নিয়োগকর্তার মাধ্যমে কুয়েতে এসেছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন। যেসব খাতে এই সুযোগ প্রযোজ্য হবে তার মধ্যে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শিল্প খাত, কৃষি, মৎস্য ও পশুপালন খাত।
বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি অস্থায়ী ব্যবস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কর্মীদের ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, বর্তমান নিয়োগকর্তার অনুমতি ছাড়া ভিসা পরিবর্তন করা যাবে না, নতুন নিয়োগকর্তাকে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে এবং পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ আল-সাবাহর নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় শ্রমবাজারে চাহিদা পূরণ এবং দক্ষ শ্রমিক সংকট কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে এসব খাতে কর্মীদের খাত পরিবর্তনে কড়াকড়ি ছিল। নতুন এই সুযোগের ফলে অনেক প্রবাসী শ্রমিকের কর্মপরিবেশ ও কাজের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।


















