চট্টগ্রাম-৫
আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল
- আপডেট সময় : ০৫:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন এ তথ্য জানান।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী হাকিম হেদায়েত উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আনিসুল ইসলাম মাহমুদের দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষর নির্বাচন কমিশনের পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে মেলেনি। এজন্য তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’
চট্টগ্রাম-৫ আসনটি হাটহাজারী উপজেলা ও চট্টগ্রাম নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে গত ৯ আগস্ট ‘ঐক্য সম্মেলন’ করে আলাদা হয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা। সম্প্রতি তিনি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপির সঙ্গে ২০ দলের সমন্বয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর আত্মপ্রকাশ করেন এবং সভাপতির দায়িত্বে রয়েছেন।
রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা থাকা আনিসুল ইসলাম মাহমুদ ১৯৭৯ সালে বিএনপির টিকিটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে পানিসম্পদ মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
























