শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নই সুন্দরগঞ্জের এগিয়ে যাওয়ার একমাত্র পথ: অধ্যাপক মাজেদুর রহমান
- আপডেট সময় : ০৫:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ মাজেদুর রহমান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন ছাড়া সুন্দরগঞ্জের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। একই সঙ্গে সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি গণতন্ত্রের অপরিহার্য শর্ত বলে উল্লেখ করেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু।
অধ্যাপক মাজেদুর রহমান বলেন, ‘চরাঞ্চলের মানুষ এখনো চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ—এই তিনটি মৌলিক অধিকার থেকে বঞ্চিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোকে কার্যকর করা, চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করা এবং চরাঞ্চলের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালু করা জরুরি।’ তিনি জানান, নির্বাচিত হলে স্বাস্থ্যখাতে বরাদ্দ ও তদারকি বাড়ানোর জন্য তিনি সংসদে জোরালো ভূমিকা রাখবেন।
শিক্ষা বিষয়ে তিনি বলেন, ‘মানসম্মত শিক্ষা ছাড়া কোনো সমাজ এগোতে পারে না। দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’
যোগাযোগ ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাঙা রাস্তা, ঝুঁকিপূর্ণ সেতু ও নৌপথ সুন্দরগঞ্জবাসীর নিত্যদিনের দুর্ভোগ। মূল ভূখণ্ডের সঙ্গে চরাঞ্চলের নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই আমার অন্যতম অগ্রাধিকার।’
সাংবাদিকদের প্রসঙ্গে অধ্যাপক মাজেদুর রহমান বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ ও গণতন্ত্রের পাহারাদার। সাংবাদিকদের অবাধ তথ্যপ্রাপ্তি ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব নয়।’ তিনি সাংবাদিকদের প্রতি কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা স্বাস্থ্যখাতের দুরবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের সংকট, চরাঞ্চলের যোগাযোগ সমস্যা, নদীভাঙন ও বন্যা, স্থানীয় প্রশাসনে দুর্নীতি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। প্রশ্নের জবাবে অধ্যাপক মাজেদুর রহমান স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. সামিউল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর জামায়াতের আমির মুহা. একরামুল হক, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু সোলায়মান সরকার সাজা, সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের আহ্বায়ক মো. নজরুল ইসলাম। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


















