সুন্দরগঞ্জে দারুল উলুম ইসলামীয়া কওমি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা বাজার সংলগ্ন দারুল উলুম ইসলামীয়া কওমি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন, প্রথম সাময়িকী বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ , আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মাদ্রাসার নবনির্মিত ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মাওলানা মতিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা মুফতি মো. এনামুল হাফিজ। তিনি বলেন, একটি আদর্শ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা মানুষের জ্ঞান ও বিবেককে জাগ্রত করে নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার জমিদাতা আব্দুর রাজ্জাক সরকার, চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ, মাওলানা মহসিন আলী, সীচা বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোবাশ্বের হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান , সীচা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাসুদ আলম প্রামানিক , হাবিবুল হক রিন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ ব্যক্তিগন।
আলোচনা সভায় বক্তারা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলা এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রথম সাময়িকী বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, আদব-কায়দা ও নৈতিক চরিত্র গঠনের আহ্বান জানান।
পরে দেশ, জাতি, মাদ্রাসার সার্বিক উন্নতি, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সুধীজনের ব্যাপক উপস্থিতি ছিল।




















