গাইবান্ধায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০২:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানায় দণ্ডিত মো. আনোয়ার হোসেন মানিক ওরফে আঙ্গুর (৫৩) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বগুড়া জেলার ধুনট থানার গোপালপুর খাদুলী গ্রামের মো. আলতাব আলীর ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসআরবি-১৩ ও এসআরবি-১২ এর একটি যৌথ আভিযানিক দল পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারে তামিম ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপের সামনে অভিযান চালায়। এ সময় আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনোয়ার হোসেন গাজীপুর জেলার কালিয়াকৈর থানার দুটি মাদক মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানায় দণ্ডিত। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















