চাঁদের পাশে ‘জ্বলজ্বলে তারা’, মুগ্ধ গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের মানুষ
- আপডেট সময় : ১১:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

দেশের উত্তরের জনপদ গাইবান্ধাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার আকাশে দেখা গেছে চাঁদের পাশে উজ্জ্বল এক মহাজাগতিক দৃশ্য। চাঁদের খুব কাছেই জ্বলজ্বল করতে দেখা যায় শুক্রগ্রহকে। এ দৃশ্য মুগ্ধ করেছে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষকে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা নামার পর আকাশ পরিষ্কার হলে চাঁদের একেবারে কাছাকাছি উজ্জ্বল জ্যোতিষ্কটি চোখে পড়ে। বাড়ির ছাদ, খোলা মাঠ, রাস্তার মোড় ও বাজারে দাঁড়িয়ে কৌতূহলী মানুষকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। অনেকেই মুঠোফোনে দৃশ্যটি ধারণ করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সচরাচর রাতের আকাশে চাঁদ ও তারা দেখা গেলেও আজকের দৃশ্যটি ছিল একদমই ব্যতিক্রম। চাঁদের খুব কাছাকাছি উজ্জ্বল একটি তারা অবস্থান নেওয়ায় পুরো দৃশ্যটি একটি মনোরম ও নান্দনিক রূপ নেয়, যা পথচলতি মানুষ থেকে শুরু করে সব বয়সের দর্শককে মুহূর্তের মধ্যে মুগ্ধ করে তোলে। অনেকে এই অপূর্ব মুহূর্তটি মুঠোফোনে বন্দি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন।
উত্তরাঞ্চলের গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখার জন্য সাধারণ মানুষের উৎসাহ বৃদ্ধি পেতে দেখা গেছে। প্রকৃতি ও মহাকাশের এই নয়নাভিরাম মেলবন্ধন স্থানীয়দের মাঝে বেশ সাড়া ফেলেছে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্কুল শিক্ষক ও সাংবাদিক মো. মশিউর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘আকাশে আজ চাঁদের পাশে জ্বলছে তারা। কিন্তু জানেন কি, এটা আসলে তারা নয়! এটি হচ্ছে শুক্রগ্রহ।’
পথচারী মো. আব্দুর আজিজ বলেন, ‘কাজ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি হাটে-বাজারে মানুষজন ওপরের দিকে তাকিয়ে আছে। খেয়াল করে দেখি চাঁদের একেবারে কাছেই তারাটি জ্বলজ্বল করছে। আমরা প্রতিদিন আকাশ দেখি, কিন্তু আজকের দৃশ্যটা একদমই আলাদা আর অসাধারণ সুন্দর মনে হলো।’

লতিফুর রহমান লিয়ন নামের এক যুবক বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছবি পোস্ট করছিল। পরে ঘরের বাইরে এসে দেখলাম আকাশে চাঁদ আর তারা একদম কাছাকাছি অবস্থান করছে। ছবি তুলে রেখেছি। প্রকৃতি মাঝেমধ্যে এমন চমৎকার দৃশ্য উপহার দেয়, যা মন ভালো করে দেয়।’
তরুণ লেখক ও সংগঠক হাবিবুল্লাহ্ সরকার বলেন, ‘চাঁদের পাশে এত উজ্জ্বল একটি জ্যোতিষ্ককে এভাবে পাশাপাশি দেখতে পাওয়ার অনুভূতিটাই অন্যরকম। আকাশের দিকে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছে, প্রকৃতি যেন নিজের হাতে একটি ছবি এঁকে দিয়েছে। এমন দৃশ্য মানুষের ব্যস্ত জীবনে একটু থামার, তাকানোর ও মুগ্ধ হওয়ার সুযোগ করে দেয়।’
যমুনা টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি জিল্লুর রহমান মন্ডল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘চাঁদের মাথায় জ্বলছে এক টুকরো তারা! আজকের আকাশে অপূর্ব এক দৃশ্য। দেখে মনে হচ্ছে, সম্ভবত সেটি শুক্রগ্রহ, নাকি অন্য কোনো মহাজাগতিক বিস্ময়?’

গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এ দৃশ্য দেখতে মানুষের আগ্রহ দেখা যায়। কেউ ছবি তুলেছেন, কেউ পরিবার-পরিজন নিয়ে দাঁড়িয়ে উপভোগ করেছেন মহাকাশের এ নান্দনিক মুহূর্ত।
জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে, চাঁদ ও শুক্রগ্রহের এই কাছাকাছি অবস্থান পৃথিবী থেকে দেখা তাদের আপাত অবস্থানের একটি মহাজাগতিক দৃশ্য। শুক্রগ্রহ সূর্যের আলো প্রতিফলিত করে অত্যন্ত উজ্জ্বল দেখায়। এ কারণে খালি চোখে অনেক সময় এটিকে উজ্জ্বল তারার মতো মনে হলেও এটি কোনো তারা নয়, সৌরজগতের একটি গ্রহ।


















