সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল
- আপডেট সময় : ১০:০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় ছাত্র-জনতা ও মাদকবিরোধী আন্দোলনের কর্মী-সমর্থকেরা এতে অংশ নেন। হাতে লাঠি নিয়ে হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে হাসানগঞ্জ বাজার, খুজিয়ারমোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মাদক ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘ইয়াবা ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘মাদক ব্যবসা চলবে না’ এবং ‘ইয়াবার আস্তানা, বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
মিছিল শেষে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. আঃ রহমান শিপন, সদস্য মো. শরিফুল ইসলাম শরিফসহ অন্যরা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, এর প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
তারা বলেন, হাসানগঞ্জকে মাদকমুক্ত রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নিয়মিত সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
মিছিল থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার ও ধারাবাহিক করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
















