হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক
- আপডেট সময় : ০৮:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মরহুম মো. কামাল উদ্দিনের পরিবারকে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সঞ্চয় বিমার প্রায় দেড় লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিনের বাড়ির সামনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে চেকটি তুলে দেওয়া হয়।
মরহুম মো. কামাল উদ্দিন মৃত আনাজল হকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে কামাল উদ্দিন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে এক লাখ টাকার সঞ্চয় বিমা করেন। নিয়মিত কিস্তির মাধ্যমে তিনি ৬৩ হাজার টাকা জমা দেন। গত বছরের ডিসেম্বর মাসে তাঁর মৃত্যু হয়। পরে বিমার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর পরিবার বিমার অর্থের জন্য আবেদন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পরিবারের হাতে প্রায় দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এসএম মো. কামরুজ্জামান, এজিএম মো. মাইন উদ্দিন, এজিএম মো. নূরুন্নবী সুমন ও ব্রাঞ্চ ম্যানেজার শাহে আলম শাহাবুদ্দিন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিমা কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত সঞ্চয় ও বিমা পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কামাল উদ্দিনের পরিবারের হাতে বিমার অর্থ তুলে দেওয়া এর একটি উদাহরণ।
বিমার অর্থ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মরহুমের পরিবারের সদস্যরা। তাঁরা বলেন, উপার্জনক্ষম একজনকে হারানোর পর এই অর্থ তাঁদের পরিবারের জন্য কিছুটা আর্থিক সহায়তা হবে।
পরে মরহুম মো. কামাল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
















