লালমনিরহাট সীমান্তে বিএসএফের অস্ত্র-ওয়াকিটকি ফেরত দিল বিজিবি
- আপডেট সময় : ০৯:০০:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে স্থানীয়দের ধাওয়ার মুখে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যাওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের কাছে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যার পর সীমান্তে অনুষ্ঠিত ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে এসব সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
স্থানীয় সূত্র ও বিজিবি সূত্রে জানা যায়, বিকেলে ৯০৭ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় কয়েকজন বাংলাদেশি কৃষক নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় কয়েকজন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের ওপর হামলা ও মারধর করেন বলে অভিযোগ ওঠে।
কৃষকদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ ও ধাওয়া করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার সময় দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে যান।
খবর পেয়ে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরে পরিস্থিতি পর্যালোচনা ও সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
এরপর মঙ্গলবার সন্ধ্যার পর ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আলোচনা করা হয়। এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
পরে পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিজিবি উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত থাকবে।

















