মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যান থেকে গার্মেন্টস পণ্য লুট, গ্রেফতার ৪
- আপডেট সময় : ১০:১৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যান থেকে রফতানিযোগ্য গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় লুট হওয়া অধিকাংশ পণ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৮ মে) এক প্রেস ব্রিফিংয়ে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে ডাকাতিতে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যানসহ লুণ্ঠিত পণ্যের বড় অংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন মো. নাজিম মিয়া (২৫), মো. হারুন ওরফে ভাইসাব (২৯), মো. সোহাগ (২২) ও মো. নজরুল ইসলাম (৪৬)।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানাধীন ওয়াহেদপুর ইউনিয়নের রংধনু ফিলিং স্টেশনের সামনে এ লুটের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রফতানিযোগ্য টি-শার্ট বহনকারী একটি কাভার্ড ভ্যান চট্টগ্রামের কেডিএস ডিপোর দিকে যাচ্ছিল। পথে সংঘবদ্ধ চক্রটি ওই গাড়ি থেকে কার্টনভর্তি টি-শার্ট লুট করে নেয়।
মামলার পর তদন্তে কাভার্ড ভ্যান চালক ফরহাদ আলীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, গাড়ির মালিক জহিরুল ইসলামের যোগসাজশে পরিকল্পিতভাবে এই লুটের ঘটনা ঘটানো হয়।
পরবর্তীতে পুলিশের বিশেষ টিম চট্টগ্রাম মহানগরের বাকলিয়া ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। একই অভিযানে রাজধানীর একটি গোডাউন থেকে লুণ্ঠিত ৩৩টি কার্টনের মধ্যে ৫৯৮ পিস টি-শার্ট উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরী বলেন, ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়েছে এবং প্রায় পুরো মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

















