আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ৫
- আপডেট সময় : ১০:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা, ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং এক ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার ইসলামনগর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য মো. আরফিউল ইসলাম (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি ইসলামনগর এলাকার বাসিন্দা।
এদিকে ৮ মে রাত ২টা ৫০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পৃথক অভিযানে মো. রিয়াদ (২০) ও মো. শরিফ মিয়া (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২০০ টাকা।
গ্রেফতার রিয়াদ রংপুর মহানগরের কোতোয়ালি থানার কিসামত হরকুল্লি এলাকার বাসিন্দা এবং শরিফ মিয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুন্দরামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে একই দিন সকাল ৬টা ১০ মিনিটে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে মো. লাবলু বিশ্বাস (৩৮) ও মো. ইদ্রিস আলী (৩৮) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া ছিনতাইসহ অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ও অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

















