পোলট্রি খাতে কোনো ধরনের অসততা বরদাস্ত করা হবে না : সুলতান সালাউদ্দিন টুকু
- আপডেট সময় : ০৭:৪০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

পোলট্রি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, পোলট্রি খাতে কোনো ধরনের অসততা বা অনিয়ম সরকার বরদাস্ত করবে না।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ প্রাণিসম্পদ খাত নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ এই মূলমন্ত্রে বিশ্বাস করেন। দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, পোলট্রি খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে পোলট্রি খাতকে রপ্তানিমুখী পর্যায়ে নিয়ে যাওয়া।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। কারণ ছোট খামারিরা না থাকলে বড় খামারিরাও দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না। বর্তমানে প্রতি ডিম উৎপাদনে প্রায় ৯ টাকা খরচ হলেও অনেক খামারিকে ৭ টাকায় বিক্রি করতে হচ্ছে। ফলে প্রতিটি ডিমে প্রায় ২ টাকা করে লোকসান গুনতে হচ্ছে। এ পরিস্থিতিতে ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার ও কিছু প্রতিষ্ঠান পোলট্রি খাতে ব্যবহৃত ভ্যাকসিন আমদানি করে থাকে। এ ক্ষেত্রে আমদানিকারকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। খামারি, ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান, বাচ্চা উৎপাদনকারী এবং বাজারজাতকরণের সঙ্গে জড়িত সবার মধ্যে সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ভোক্তার ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, পোলট্রি খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে আনার জন্য সরকার কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল-এর সভাপতি মসিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা-এর সভাপতি শামসুল আরেফিন খালেদ এবং ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হকসহ সংশ্লিষ্ট খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।






















