সোমবার বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) তিনি সড়কপথে বগুড়ায় যাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দেবেন তিনি। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে।
সেখানে পৌঁছে সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন।
দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর দেড়টায় শহিদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুর ১টা ৪৫ মিনিটে বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। পরে দুপুর আড়াইটায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল সাড়ে ৩টায় বগুড়া সার্কিট হাউসে স্বল্প সময়ের যাত্রাবিরতির পর বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
এছাড়া বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন এবং বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।






















