আগামী বছর সঠিক সময়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে: ববি হাজ্জাজ
- আপডেট সময় : ০৪:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, আগামী বছর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত বছরের (২০২৫ সালের) প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি, যার কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা জটিলতা তৈরি হয়। ষষ্ঠ শ্রেণির পড়াশোনার পাশাপাশি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হওয়ায় অনেক শিক্ষার্থী চাপের মধ্যে পড়ে।
প্রতিমন্ত্রী জানান, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এটি বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। দায়িত্ব গ্রহণের পরই সরকার আবারও বৃত্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
তিনি আরও বলেন, আগামী বছর থেকে বৃত্তি পরীক্ষা যথাসময়ে আয়োজন করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে।
নীতিমালা সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম, শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনা করা হবে।
কোচিং বাণিজ্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, কোচিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এটি দীর্ঘদিনের একটি সমস্যা, যা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা ও পাইলট প্রকল্প নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, স্কুলের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে শ্রেণিকক্ষ, ওয়াশরুম, ডিজাইন পরিবর্তন এবং আসবাবপত্র উন্নয়ন করা হবে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য মো. কামাল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।





















