আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৭:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যার বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবাডটকমের অনুমোদিত সরবরাহকারী হিসেবে যুক্ত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবে স্টেপ ফুটওয়্যার। ব্যবসায়িক সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা উপস্থাপনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠানটির।
এ উদ্যোগ বাস্তবায়নে স্টেপ ফুটওয়্যারকে সহযোগিতা করছে বাংলাদেশে আলিবাবাডটকমের পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
.
গতকাল রোববার ঢাকার উত্তরায় অবস্থিত স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে স্টেপ ফুটওয়্যার ও ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের মধ্যে এ–সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান ও পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
.
স্টেপ ফুটওয়্যার এক যুগ ধরে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের জুতা বাজারজাত করে আসছে। আলিবাবাডটকমে যুক্ত হওয়ার ফলে স্টেপ ফুটওয়্যার আন্তর্জাতিক বিটুবি বাণিজ্যের ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবে। বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারক, পাইকারি ক্রেতা ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপন, নতুন বাজারের সন্ধান এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আমাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।























