সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪, উদ্ধার ৮ পিস ইয়াবা
- আপডেট সময় : ০২:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক আসামির কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার খামার পাঁচগাছী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. আনারুল ইসলাম, দুলাল গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে মো. সাজেদুল ইসলাম, পশ্চিম শিবরাম (স্কুলের বাজার চরুয়াটারী) গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে মো. নাজমুল হুদা (৩৫) এবং কঞ্চিবাড়ী ইউনিয়নের ধুবনী কঞ্চিবাড়ী (তেলীপাড়া) গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৪৫)।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে পৃথক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজন সিআর ওয়ারেন্টভুক্ত, একজন নিয়মিত মামলার আসামি এবং অন্যজন মাদক মামলার আসামি। এ সময় আলমগীর হোসেনের কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন শূন্য দশমিক আট গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য দুই হাজার ৪০০ টাকা।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে সুন্দরগঞ্জ থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
















