বাড়ির উঠান থেকে গাঁজার গাছ উদ্ধার, মালিক পলাতক
- আপডেট সময় : ০৭:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে বাবলু আকন্দ নামের এক ব্যক্তির বাড়ির উঠান থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যান।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছোট ছত্রগাছা গ্রামে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করে।
গাঁজা চাষী বাবলু আকন্দ ওই গ্রামের মৃত হোসেন আকন্দের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল বাবলু আকন্দের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবলু আকন্দ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তার বাড়ির উঠানে রোপণ করা একটি গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজার গাছটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



















