এমপিদের প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নে ৭ সদস্যের ‘সেল’ গঠন
- আপডেট সময় : ১১:০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

সংসদ সদস্যদের নির্বাচনী ও প্রতিশ্রুত উন্নয়ন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ৭ সদস্যের একটি ‘সেল’ গঠন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে। এতে বলা হয়, কর্মসূচির দ্রুত বাস্তবায়ন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেলের সভাপতির দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা। সদস্য সচিব হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১।
সেলের অন্যান্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, একান্ত সচিব-২, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের প্রতিনিধি, অ্যাসাইনমেন্ট অফিসার-১ এবং গবেষণা কর্মকর্তা।
সেলের কার্যপরিধিতে বলা হয়েছে, সংসদ সদস্যদের প্রতিশ্রুত কর্মসূচি সংগ্রহ ও সংরক্ষণ, সেগুলোর প্রাথমিক যাচাই-বাছাই, অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে সুপারিশ প্রেরণ করা হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকিও করবে এই সেল।
এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করা, প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন কর্তৃপক্ষকে অবহিত করাও সেলের দায়িত্বের মধ্যে থাকবে।
প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর থেকে অতিরিক্ত জনবল সংযুক্ত করার সুযোগও রাখা হয়েছে প্রজ্ঞাপনে।

























