হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান-চাল কিনবে সরকার, সংগ্রহ শুরু ৩ মে থেকে
- আপডেট সময় : ০২:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কৃষকদের সহায়তায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রম এগিয়ে এনেছে সরকার। পূর্ব নির্ধারিত ১৫ মে’র পরিবর্তে আগামী ৩ মে থেকেই ধান-চাল সংগ্রহ শুরু হবে।
শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওর অঞ্চলের নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় একযোগে ধান ও চাল সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে। বাকি জেলাগুলোতে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম চলবে।
চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার লক্ষ্য নিয়েছে সরকার। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন গম কেনারও পরিকল্পনা রয়েছে।
সরকার নির্ধারিত দরে ধান ৩৬ টাকা কেজি, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাওর অঞ্চলের কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত ধান দ্রুত বিক্রি করে আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন, সে লক্ষ্যেই সংগ্রহ কার্যক্রম এগিয়ে আনা হয়েছে।

























