হরতালের সুযোগ কাউকে দেওয়া হবে না: তারেক রহমান
- আপডেট সময় : ০৯:৫৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে হরতাল করার সুযোগ কাউকে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি নষ্ট হয়—এমন কোনো কর্মসূচি সহ্য করা হবে না। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল অতীতে যেমন বিভ্রান্তি ছড়িয়েছে, এখনও একই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের সমর্থন নিয়েই দলটি এগিয়ে যাচ্ছে এবং প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করছে।
সমাবেশে প্রধানমন্ত্রী মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা দেন। পাশাপাশি নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর কথাও জানান, যাতে রান্নাবান্নার কষ্ট কমে।
তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্প্রসারণ করা হবে এবং নারীনেতৃত্বাধীন পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এতে করে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষি ও শিল্প খাত নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলোও পর্যায়ক্রমে চালু করা হবে, যাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।
এর আগে দিনের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান যশোরের শার্শা উপজেলায় উলসী খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
























